ফ্যামিলি কার্ড প্রকল্পের বিদ্যমান সীমাবদ্ধতা ও ত্রুটিগুলো দ্রুত সংশোধন করে এর বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কার্ডের সুবিধা যেন প্রকৃত হকদারদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এই প্রকল্পটি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, পরীক্ষামূলক পর্যায়ে কিছু ছোটখাটো ভুল ও সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়েছে। বর্তমানে তালিকা প্রণয়ন এবং তথ্য যাচাই-বাছাইয়ের কাজ নতুন করে সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কেউ অন্যায়ভাবে তালিকাভুক্ত হয়েছে কি না কিংবা যোগ্য কেউ বাদ পড়েছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
বাজেট বরাদ্দ নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, অর্থের অভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম কোনোভাবেই থেমে থাকবে না। আগামী বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এটি কেবল একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং গ্রামীণ জনপদের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 





















