নীলফামারীতে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। সোমবার নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসনের আয়োজনে এই মেলায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক মেলা চত্বরের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং ডিজিটাল সেবা সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল প্রজেক্ট প্রদর্শন করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের মেধা ও গবেষণাধর্মী চিন্তার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে যে উদ্ভাবনী মেধা দেখাচ্ছে, তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং তাদের সৃজনশীলতাকে বিকশিত করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। দুই দিনব্যাপী এই মেলায় ছয় উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিচ্ছেন।
রিপোর্টারের নাম 






















