লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান ও হিজবুল্লাহকে নির্মূল করার প্রচেষ্টাকে ব্যর্থ বলে দাবি করেছেন গোষ্ঠীটির প্রধান শেখ নাঈম কাসেম। তিনি মন্তব্য করেছেন, হিজবুল্লাহকে ধ্বংস করতে গিয়ে শত্রু পক্ষ এখন এক চরম অচলাবস্থার মুখে পড়েছে। সোমবার এক ভাষণে তিনি লেবানন সরকারকে অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখারও আহ্বান জানান।
নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলা হিজবুল্লাহর প্রতিরোধ ক্ষমতাকে দমাতে পারেনি। তিনি দাবি করেন, তাদের প্রতিরোধ বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অজেয়। তবে লেবানন সরকারের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি পাঁচটি নির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন।
হিজবুল্লাহ প্রধানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—জল, স্থল ও আকাশপথে সব ধরনের আগ্রাসন বন্ধ করা, অধিকৃত লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দি মুক্তি, বাস্তুচ্যুত নাগরিকদের নিজ গ্রামে প্রত্যাবর্তন এবং ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন নিশ্চিত করা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের আত্মরক্ষামূলক সংগ্রাম চালিয়ে যাবে এবং কোনো হুমকির মুখে মাথা নত করবে না।
রিপোর্টারের নাম 
























