সারা দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগে হাম শনাক্ত হওয়া আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শিশুর শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে চলতি সপ্তাহ পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৪ হাজার ৬৯৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ১৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























