প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে মানিকগঞ্জের শিবালয়-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে আকস্মিক ঝড় ও বৃষ্টি শুরু হলে যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে স্থানীয় কর্তৃপক্ষ ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাটুরিয়া ঘাটে রো-রো ফেরি এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়। একইভাবে দৌলতদিয়া ঘাটেও শাহ পরান, কুমিল্লা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ক্যামেলিয়া, ঢাকা, খান জাহান আলীসহ একাধিক ফেরি নোঙর করা হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, আরিচা ও কাজিরহাট পয়েন্টেও একাধিক ফেরি ও লঞ্চ নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আব্দুস সালাম নিশ্চিত করেছেন, হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টির কারণে বিকেল ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
একই বিষয়ে লঞ্চ মালিক ওয়াসিম আকরাম জানান, ঝড়-বৃষ্টির কারণে উভয় রুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। আরিচা-কাজিরহাট রুটের স্পিডবোট পরিচালনা কমিটির সভাপতি সত্যেন কান্ত পণ্ডিত ভজন বলেন, “কালবৈশাখী ঝড়ের কারণে আমাদের প্রায় ৬০টি স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।”
সর্বশেষ খবর অনুযায়ী (বিকেল ৫টা ২৫ মিনিট), উল্লেখিত নৌরুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল এখনো বন্ধ রয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলাচল শুরুর সম্ভাবনা নেই। এতে উভয় পাড়ে যাত্রীরা আটকা পড়েছেন।
রিপোর্টারের নাম 
























