শ্রীলঙ্কা ক্রিকেট তাদের খেলোয়াড়দের চুক্তি কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশের মতো নিম্ন র্যাঙ্কিংয়ের দলগুলোকে হারালেও ক্রিকেটাররা আর কোনো বোনাস পাবেন না। বরং এমন দলের কাছে হারলে তাদের শাস্তি বা জরিমানা গুনতে হতে পারে।
শ্রীলঙ্কার গণমাধ্যম সানডে টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নতুন এই কাঠামোতে শুধুমাত্র আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের বিপক্ষে জয় পেলেই ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে। অর্থাৎ, বড় দলগুলোকে হারাতে পারলেই মিলবে বাড়তি পুরস্কার, যেখানে ছোট দলের বিপক্ষে জয়কে স্বাভাবিক হিসেবেই গণ্য করা হবে।
টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর দলকে তাদের মাঠে হারাতে পারলে ক্রিকেটাররা ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন। দুই নম্বর দলকে হারালে ১ লাখ ডলার, তিন নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার এবং চার নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার পাওয়ার বিধান রাখা হয়েছে। হোম সিরিজে এই অঙ্কগুলো যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার, ৫০ হাজার এবং ২৫ হাজার ডলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যও একই ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে।
ম্যাচ ফি-তেও নতুন করে হার নির্ধারণ করা হয়েছে। টেস্টে জিতলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার এবং হারলে সাড়ে ৭ হাজার ডলার দেওয়া হবে। ওয়ানডেতে জয়ের জন্য সাড়ে ৭ হাজার, হারের জন্য সাড়ে ৩ হাজার এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জয়ের জন্য ৫ হাজার, হারের জন্য আড়াই হাজার এবং পরিত্যক্ত হলে ২ হাজার ডলার। এছাড়াও, আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলে ২৫ হাজার ডলার এবং ২ থেকে ৫ নম্বরে থাকলে ২০ হাজার ডলার বোনাস হিসেবে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























