বগুড়ার গাবতলী উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মো. আবদুল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে গাবতলী এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগলগুলো নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন সুমন। তিনি জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে সুমনের শরীর ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























