কুমিল্লার লালমাই উপজেলায় তীব্র দাবদাহের মধ্যে স্কুলে ক্লাস চলাকালীন নুসরাত জাহান নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। রবিবার সকালে উপজেলার দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ভবনে এই ঘটনা ঘটে। নুসরাত ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ক্লাস চলাকালীন হঠাৎ বমি শুরু করে নুসরাত এবং এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে সে মাথায় আঘাত পায়।
তাৎক্ষণিকভাবে শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে শিক্ষকদের তত্ত্বাবধানে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক জানান, টিনশেড ভবনে প্রচণ্ড গরমের কারণেই শিক্ষার্থীটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল।
এই ঘটনার পর লালমাই উপজেলা প্রশাসন থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানিয়েছেন, তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি এক ঘণ্টা পরপর শিক্ষার্থীদের পানি পান নিশ্চিত করার জন্য শিক্ষা কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























