নরসিংদীর শিবপুরে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় বহিরাগত বখাটে দুর্বৃত্তরা চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক (ইংরেজি) মনজিল মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে ওই শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা হামলাকারী দুজনকে আটক করে। আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন (২০)। তবে, মজলিসপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ইমরান (১৯) পালিয়ে যেতে সক্ষম হয়। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাঠে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারী দুজনকে আটক করে। পুলিশ তাদের থানায় নিয়ে যেতে চাইলে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিবপুর মডেল থানা পুলিশের এসআই জামান, হাসানুজ্জামানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা শান্ত হয়। আটককৃতদের বিকেল ৩টায় থানায় নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষক মনজিল মোল্লা জানান, স্কুলের গেটে তিন যুবক তাকে তাদের ভাইকে প্রাইভেট পড়ানোর জন্য চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে তিনি এবং অন্যান্য শিক্ষকরা আহত অবস্থায় মনজিল মোল্লাকে উদ্ধার করেন।
রিপোর্টারের নাম 
























