ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটফাজিলপুর এলাকার ছাবিনগর স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন এবং তিনি ছাবিনগর গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ছাবিনগর স্ট্যান্ডে পৌঁছালে একটি অটোভ্যান ও মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুলশিক্ষকের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 
























