পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটারদের মধ্যে নজিরবিহীন স্বতঃস্ফূর্ততা দেখা গেছে। ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়ার খবর এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত ভীতি এই উচ্চ ভোটদানের পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত ১৫২টি আসনে গড় ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম রেকর্ড।
জেলা ভিত্তিক হিসেবে দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ ৯৩.১২ শতাংশ ভোট পড়েছে। এর পরেই রয়েছে কোচবিহার জেলা, যেখানে ভোটের হার ৯২ শতাংশ। ২০২১ সালের নির্বাচনে যেখানে এই আসনগুলোতে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ, সেখানে এবার বিকেলের মধ্যেই তা প্রায় ৯০ শতাংশ ছুঁইছুঁই। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জের মতো মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত তীব্র গরমের কারণে দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এবার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে দীর্ঘ সারি দেখা গেছে। সিনিয়র সাংবাদিকদের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক মানুষকে ঘর থেকে বের হয়ে এসে ভোটাধিকার প্রয়োগে বাধ্য করেছে।
রিপোর্টারের নাম 























