গ্রীষ্মের প্রখর তাপদাহ জনজীবনে নানাভাবে প্রভাব ফেলছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে, শারীরিক গঠন, হরমোনগত পরিবর্তন এবং পারিবারিক ও কর্মজীবনের চাপের কারণে নারীরা গরমে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে গরমে নারীদের সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলো দ্রুত জটিল আকার ধারণ করতে পারে।
তীব্র গরমে নারীদের একটি প্রধান স্বাস্থ্য সমস্যা হলো পানিশূন্যতা ও অতিরিক্ত ক্লান্তি। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। ব্যস্ততার অজুহাতে পর্যাপ্ত পানি পান না করলে ক্লান্তি, মাথা ঘোরা এবং অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই সমস্যা এড়াতে প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা, ডাবের পানি, লেবুর শরবত এবং ওরস্যালাইন গ্রহণ করা জরুরি। দীর্ঘ সময় রোদে থাকা এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত ঘাম জমে ত্বকে ব্রণ, ঘামাচি এবং ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ায়, যা বিশেষ করে বগল, ঘাড় ও স্তনের নিচে বেশি দেখা যায়। এটি প্রতিরোধের জন্য দিনে দু-তিনবার শরীর পরিষ্কার রাখা, সুতি ও ঢিলেঢালা পোশাক পরা এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহার কমানো উচিত।
পানিশূন্যতার কারণে প্রস্রাব কমে গেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের (ইউটিআই) ঝুঁকি বাড়ে, যা নারীদের মধ্যে তুলনামূলক বেশি। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং তলপেটে ব্যথা। এই সংক্রমণ রোধে প্রস্রাব আটকে না রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
মাসিক চলাকালীন সময়ে গরমে অস্বস্তি ও সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় চার-ছয় ঘণ্টা পরপর প্যাড পরিবর্তন করা, পরিষ্কার ও শুকনো অন্তর্বাস ব্যবহার করা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ব্যবহার করা উচিত।
দীর্ঘ সময় তীব্র রোদে থাকলে হিট এক্সহসশন বা হিট স্ট্রোকের মতো জীবনঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত রোদ এড়িয়ে চলা, রোদ থেকে বাঁচতে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করা এবং অসুস্থ বোধ করলে দ্রুত ঠান্ডা স্থানে আশ্রয় নেওয়া প্রয়োজন।
গরমে ঘাম ও ধুলাবালির কারণে খুশকি, চুল পড়া ও চুলকানির মতো সমস্যাও দেখা দেয়। এই সমস্যাগুলো মোকাবিলায় সপ্তাহে দু-তিনবার চুল পরিষ্কার রাখা এবং বাইরের ধুলাবালি থেকে চুলকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া উচিত।
রিপোর্টারের নাম 
























