দেশের স্বাস্থ্যখাতে লোকবল সংকট নিরসনে সরকার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর পাশাপাশি, সকল উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে।
বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি আরও আশ্বস্ত করেন যে, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী ছয় মাসের চাহিদা মেটানো সম্ভব। তাই এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, চীনের সহযোগিতায় দেশে একটি যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালু করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
রিপোর্টারের নাম 























