চট্টগ্রামের সন্দ্বীপে একটি বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যার পর বৈদ্যুতিক পিলারের সঙ্গে ঝুলিয়ে রাখার অমানবিক ঘটনা ঘটেছে। মুছাপুর ইউনিয়নের একটি মুরগির খামারের মালিকের পাতা ফাঁদে আটকা পড়ার পর প্রাণিটিকে নির্মমভাবে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে পিলারে ঝোলানো মৃত প্রাণিটি দেখতে স্থানীয়রা ভিড় করেন, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবেশবিদদের মতে, মেছো বিড়াল ইঁদুর ও ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষকের সহায়তা করে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, এই প্রাণিটি সংরক্ষিত এবং একে হত্যা করা জামিন অযোগ্য অপরাধ। উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























