চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১-এর অধীনে মেইট বা নিম্নপদস্থ সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড এলাকায় মেইন লাইনে কাজ করার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাজ করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























