স্মার্টফোন, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের যুগে অনলাইন প্ল্যাটফর্ম আমাদের জীবনযাত্রাকে করেছে সহজ, দ্রুত ও আধুনিক। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা থেকে শুরু করে যোগাযোগ – প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনলাইন পরিষেবা অপরিহার্য হয়ে উঠেছে। তবে এই সুবিধার পাশাপাশি অনলাইন জগতে এক অদৃশ্য ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে – প্রতারণার জাল, যা প্রতিনিয়ত সাধারণ মানুষকে টার্গেট করে মুহূর্তেই নিঃস্ব করে দিচ্ছে। বর্তমানে এটি একটি সংগঠিত, পরিকল্পিত এবং প্রযুক্তিনির্ভর অপরাধব্যবস্থায় পরিণত হয়েছে।
প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিপফেইক, নকল ওয়েবসাইট এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে এমনভাবে ফাঁদ তৈরি করছে যা শনাক্ত করা অত্যন্ত কঠিন। এর ফলে অনেক সময় সচেতন ব্যবহারকারীরাও অজান্তেই এই প্রতারণার শিকার হচ্ছেন। সম্প্রতি চাঁদপুরের একজন ব্যক্তি মোবাইলে একটি অচেনা অ্যাপ ইনস্টল করে প্রায় অর্ধ লক্ষ টাকা হারিয়েছেন। এই ঘটনা বিচ্ছিন্ন নয়; দেশজুড়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। কখনও লোভনীয় অফারের প্রলোভন দেখিয়ে, কখনও ফোনে কথা বলে কৌশলে পিন, ওটিপি বা ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে, আবার কখনও ভুয়া চাকরি, বিদেশে উচ্চশিক্ষা বা বিনিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, নকল অ্যাপ, ভুয়া ওয়েবসাইট অথবা পরিচিত পরিচয়ে যোগাযোগ – সবকিছুই এখন এই প্রতারণার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তির উন্নয়ন যেমন আমাদের জীবনকে উন্নত করেছে, তেমনই এর অপব্যবহারও বেড়েছে। বর্তমানে ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠস্বর বা ভিডিও নকল করা সম্ভব হচ্ছে, যা প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। ফলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এছাড়া, দেখতে একদম আসল প্ল্যাটফর্মের মতো নকল ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে। একবার লগইন তথ্য দিলেই তা সরাসরি প্রতারকদের হাতে চলে যাচ্ছে।
চলতি বছরের ৭ জানুয়ারি, আইনশৃঙ্খলা বাহিনী অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চীনের পাঁচ নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে, যা এই অপরাধের আন্তর্জাতিক বিস্তারের ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে, অনলাইন প্রতারণার বিভিন্ন ধরন ও কৌশল সম্পর্কে অবগত থাকা এবং সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
রিপোর্টারের নাম 





















