চট্টগ্রামের পটিয়ায় আবুল কাশেম (৫৫) নামে এক ব্যবসায়ীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার দুই ভাইও গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। তিনি পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে এবং স্টেশন রোড এলাকায় সুপারির ব্যবসা করতেন।
নিহতের অন্য দুই ভাই, আবুল কালাম ও আবুল মুছা, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় গত রোববার পটিয়া থানায় মোহাম্মদ ইকবালকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ইকবাল এখনো পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে আবুল কাশেম তার দুই ভাইকে নিয়ে নিজেদের মৌরশী জমিতে সংস্কারের কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত মোহাম্মদ ইকবালসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আবুল কাশেমের মাথায় আঘাত করে। তাকে বাঁচাতে গেলে তার দুই ভাইও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিনের মাথায় আবুল কাশেমের মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, ২০২১ সালে পটিয়া পৌরসভা নির্বাচন চলাকালে কাউন্সিলর আবদুল মান্নানের ভাই মোহাম্মদ আব্দুল সওদাগর হত্যা মামলায় ইকবালসহ অন্যরা অভিযুক্ত ছিল। ওই মামলায় জামিনে বের হয়ে তারা আবারও বেপরোয়া হয়ে ওঠে। নিহতের ভাই আবুল ফয়েজ বলেন, ‘আমাদের মৌরশী জমিতে কাজ করার সময় পরিকল্পিতভাবে আমার ভাইদের ওপর হামলা চালায় ইকবালসহ তার সহযোগীরা। আমরা এই হত্যার বিচার চাই।’ স্থানীয় বিএনপি নেতা মফিজুর রহমান অভিযুক্ত ইকবালকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, তার বিরুদ্ধে কিশোর গ্যাংসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 
























