দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসনে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোকে একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশের জ্বালানি খাত বর্তমানে চরম ঝুঁকির মুখে। রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাবে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে আমদানিনির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির মাস্টারপ্ল্যান গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর থেকে ভ্যাট ও ট্যাক্স কমানোর দাবিও তোলেন তারা।
বর্তমানে দেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন মোট উৎপাদনের মাত্র ২ থেকে ৩ শতাংশ। বক্তারা সতর্ক করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল সৌরবিদ্যুৎ নিয়ে জমি সংকট বা কৃষি উৎপাদন হ্রাসের মতো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সরকার ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও অতীতে এই খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 























