যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ব্যাংক কর্মকর্তারা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষাকেন্দ্র পুনরায় যশোরে স্থাপনের দাবি জানিয়েছেন। এই দাবিতে শনিবার দুপুরে খুলনার সাউথ সেন্ট্রাল রোড পাইওনিয়ার কলেজের সামনে তাঁরা মানববন্ধন করেন।
কর্মকর্তাদের অভিযোগ, খুলনায় পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করতে গিয়ে তাঁদের দূর-দূরান্ত থেকে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে। অনেক কর্মকর্তা মোটরসাইকেলে ৬০ থেকে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া, সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য আগের দিনই খুলনায় গিয়ে অবস্থান করতে হয়, যা নারী কর্মকর্তা, বিশেষ করে গর্ভবতী কর্মকর্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হচ্ছে। ছোট সন্তান রয়েছে এমন কর্মকর্তাদের জন্যও এই পরিস্থিতি বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
তাঁরা আরও জানান, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার মাঠ পর্যায়ে শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম পরিচালনা করেন তাঁরা। কিন্তু খুলনায় গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত আর্থিক চাপও বহন করতে হচ্ছে পরীক্ষার্থীদের।
যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার ব্যাংক কর্মকর্তারা দ্রুত এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যশোরে পরীক্ষার কেন্দ্র পুনঃস্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন। কর্মসূচিতে মো. আমিনুল ইসলাম রাজিব, মো. রায়হানুল ইসলাম, মো. বসির আহমেদ, মো. মেজবাহুল আলম, মো. রাইসুল ইসলাম রিপন, মো. তারিকুজ্জামান, ইন্দ্রজিত হালদার, মো. মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 
























