বরিশালের গৌরনদীতে অবৈধভাবে মজুত এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)র বরিশাল জেলার সদস্যরা পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন। শনিবার বিকেলে উপজেলার সরিকল বন্দরের ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউনে মজুত করে রাখার সময় এই বিপুল পরিমাণ জ্বালানি তেল আটক করা হয়। জব্দকৃত জ্বালানি বরিশালের মেঘনা ডিপো থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, জ্বালানি তেল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম গৌরনদী উপজেলার সরিকল বন্দরে অভিযান চালায়। এ সময় ওই বন্দরের ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুতের জন্য নামানোর সময় মোট ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল।
অভিযোগ রয়েছে, বরিশাল নগরীর খান এন্টারপ্রাইজের লাইসেন্স দেখিয়ে অবৈধভাবে বরিশালের মেঘনা ডিপো থেকে এই জ্বালানি সংগ্রহ করা হয়েছিল। এর আগেও ওই ব্যবসায়ী একই কায়দায় জ্বালানি সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করেছেন বলে জানা গেছে। এনএসআই-এর একটি সূত্র জানিয়েছে, আব্দুর রহমান নামের ওই ব্যবসায়ীর সরিকল বন্দরে একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে এবং তিনি সেই দোকানেই অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন। এসব জ্বালানি বিক্রির জন্য তার কোনো লাইসেন্সও নেই।
সূত্র আরও জানায়, বরিশাল নগরী থেকে এনএসআই-এর সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করতে সক্ষম হন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















