ফেনীতে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে পৃথক সংঘর্ষে যুবদলের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শনিবার পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে শুক্রবার রাতে জেলার সোনাগাজী উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে যুবদল নেতা মোহাম্মদ সুমন এবং যুবদলকর্মী হারুন ও ফয়সাল আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি-চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের ওপর হামলা চালানো হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এসব ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























