পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে আপত্তিকর অঙ্গভঙ্গি ও প্রস্তাব দেওয়ার অভিযোগে আবু হোসেন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উত্তর গেটের একটি গলিতে এই ঘটনা ঘটে। কলেজছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে আবু হোসেন তার পথ রোধ করে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে যুবকটিকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবু হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাদীর অভিযোগ, আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু হোসেন সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা এবং রাজমিস্ত্রির জুগালি হিসেবে কাজ করতেন।
ভুক্তভোগী ছাত্রীর মা ঘটনার বিচার চেয়েছেন এবং এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় এক নারীও ঘটনার বর্ণনা দিয়ে বলেন যে, এলাকাবাসী যুবকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
দণ্ডপ্রাপ্ত আবু হোসেন দাবি করেছেন, তিনি কেবল ছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং পরে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু এর জন্য তাকে বড় শাস্তি দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এই রায়কে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন, যারা এমন ঘৃণ্য কাজ করবে, তাদের পরিণতি এমনই হবে।
রিপোর্টারের নাম 

























