কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে মাত্র ১৯টি বেড ব্যবহার উপযোগী থাকায় নারী, পুরুষ ও শিশু রোগীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী আসায় শয্যা না পেয়ে অনেককে হাসপাতালের মেঝে, বারান্দা এমনকি সিঁড়ির ওপর বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ডায়রিয়া ও জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন জরুরি বিভাগে গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। শয্যা সংকটের কারণে এক বিছানায় একাধিক রোগীকে থাকতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান জানিয়েছেন, পর্যাপ্ত জায়গার অভাবে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। সমস্যা সমাধানে এবং হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে নতুন একটি ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























