বাড়তে থাকা ভুঁড়ি নিয়ে বন্ধুমহলে ঠাট্টা-মশকরা সহ্য করা অনেকের জন্যই নিয়মিত ঘটনা। তবে এই নাদুসনুদুস ভুঁড়িকে কেবল সৌন্দর্যের হানি বা ‘সুখের চিহ্ন’ ভাবাটা হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। চিকিৎসকদের মতে, বয়স বাড়লে পেটে ও কোমরে মেদ জমা স্বাভাবিক মনে হলেও এটি আসলে অসংখ্য জটিল ও প্রাণঘাতী রোগের নীরব সংকেত। শক্ত ভুঁড়ির পেছনে মূলত দায়ী থাকে ‘ভিসেরাল ফ্যাট’, যা লিভারসহ শরীরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ওপর মেদের এক ক্ষতিকর স্তর তৈরি করে। এই মেদ হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে, যা থেকে রক্তে শর্করার তারতম্য ঘটে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়।
ভুঁড়ি যত বিশাল আর শক্ত হবে, তা কমানো ততটাই কঠিন। তবে জীবনযাত্রায় সুশৃঙ্খল পরিবর্তন আনলে এই বিপজ্জনক মেদ নিয়ন্ত্রণে আনা সম্ভব। এর জন্য সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন। খাদ্যতালিকা থেকে চিনি, মিষ্টি, ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার এবং উচ্চ ক্যালরির জাঙ্ক ফুড পুরোপুরি বাদ দিতে হবে। ময়দার খাবার বা সাদা পাউরুটির মতো রিফাইনড কার্বোহাইড্রেট এড়িয়ে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেছে নিতে হবে। ভাত খেলেও তা হতে হবে পরিমিত। এর বদলে প্রতিদিনের তালিকায় টাটকা ফলমূল, শাকসবজি ও বাদাম রাখা জরুরি।
শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া সচল রাখতে এবং মেদ গলাতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। দিনের শুরুটা হতে পারে হালকা গরম পানি অথবা চিয়া সিড ও তিসি ভেজানো পানি দিয়ে। এটি বদহজম দূর করার পাশাপাশি শরীরকে চনমনে রাখে। এর পাশাপাশি শরীরচর্চাকে দৈনন্দিন রুটিনের অংশ করে নিতে হবে। দ্রুত মেদ কমাতে জোরে হাঁটার অভ্যাস বা সিঁড়ি দিয়ে ওঠানামা করা অত্যন্ত কার্যকর। পাশাপাশি ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ এবং নিয়মিত যোগাসন সামগ্রিক ওজন কমাতে ও শরীরকে রোগমুক্ত রাখতে সহায়তা করে।
ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঘুম ও মানসিক প্রশান্তি এক অবাক করা ভূমিকা পালন করে। ঘুমের অভাব হলে শরীরে হরমোনের বিপর্যয় ঘটে এবং মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যায়, যা পরোক্ষভাবে বিপাকক্রিয়াকে বাধাগ্রস্ত করে। পেশির পুনর্গঠন ও শরীরের সঠিক কার্যকারিতার জন্য পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য। এছাড়া জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনা প্রয়োজন। নিয়মিত মদ্যপান পেটের মেদ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। রাতে দেরি করে খাওয়ার অভ্যাস ত্যাগ করে দ্রুত রাতের খাবার শেষ করতে হবে এবং খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটাচলা করতে হবে। রাতের খাবার হালকা হওয়া প্রয়োজন, তবে সকালের নাস্তা বা প্রাতরাশ কখনোই বাদ দেওয়া উচিত নয়। সকালের খাবারে প্রোটিন, ফাইবার ও খনিজ উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকা নিশ্চিত করতে হবে।
সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার ফলে যখন মেদ কমতে শুরু করবে, তখন শরীরে উল্লেখ্যযোগ্য ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। মেদ নরম হওয়ার পাশাপাশি শারীরিক ক্লান্তি দূর হবে, হাঁটাচলায় স্বস্তি আসবে এবং অস্থিসন্ধির ব্যথা কমবে। নিয়ম মেনে চললে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, যা একজন মানুষকে দীর্ঘমেয়াদী সুস্থতা ও প্রাণবন্ত জীবন উপহার দেবে।
রিপোর্টারের নাম 

























