রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কালুখালীর আয়োজনে ১৪ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই নববর্ষ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক এবং আর্চ ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন করা হয়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদুল্লাহ, অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান এবং উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ রোগী এবং এতিমখানার শিশুদের মধ্যে বাঙালি খাবার পরিবেশন করে নববর্ষের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।’ উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠান কালুখালীতে ফিরে এনেছে চিরচেনা বাঙালিয়ানা, যা স্থানীয়দের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে।
রিপোর্টারের নাম 





















