বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা জেলা পরিষদ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুয়া প্রকল্প এবং উন্নয়নের নামে অর্থ লোপাটের কারণে পরিষদের প্রায় ৪০৫ একর জমি বর্তমানে প্রভাবশালী মহলের দখলে রয়েছে। এসব জমি ও সরকারি সম্পদ উদ্ধারে বর্তমান প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও মাঠ পর্যায়ের চিত্র এখনো হতাশাজনক।
অনুসন্ধানে জানা গেছে, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত অডিটোরিয়াম ও সরকারি ভবনগুলো এখন পরিত্যক্ত বা বেদখল অবস্থায় রয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ জিয়া অডিটোরিয়াম এখন মাছের বাজারে পরিণত হয়েছে, আর জেলা পরিষদের অনেক স্থাপনায় চলছে মাদক ও অসামাজিক কার্যক্রম। এছাড়া নকশাবহির্ভূতভাবে দোকান বরাদ্দ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
সবচেয়ে বড় অনিয়মের চিত্র দেখা গেছে পুরান ঢাকার জনসন রোডে নির্মাণাধীন ২০ তলাবিশিষ্ট ‘ঢাকা টাওয়ার’ প্রকল্পে। প্রায় ১৬০ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার কথা থাকলেও ১১ বছর ধরে তা ঝুলে আছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি বিশেষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলেও ভবনের কাঠামো ছাড়া অন্য কোনো অগ্রগতি হয়নি। অথচ ইতোমধ্যে ঠিকাদারকে বিপুল অংকের বিল পরিশোধ করা হয়েছে, যা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























