দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন (ডিএমএনএফ)। হামের প্রকোপ বৃদ্ধি এবং আইসিইউ শয্যার তীব্র সংকটের এই উদ্বেগজনক পরিস্থিতিতে সংগঠনটি হতদরিদ্র ও পথশিশুদের জন্য বিনামূল্যে নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবা প্রদানের ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ দেশের ইতিহাসে প্রথমবারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশার আলো জাগিয়েছে।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের বাংলাদেশ নবজাতক হাসপাতালের আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি এই উদ্যোগকে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং এটিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থার সূচনা হিসেবেও অভিহিত করেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরও অনলাইনে যুক্ত হয়ে এই মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেন।
এর আগে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন বাবা-মা ও পরিবার পরিত্যক্ত নবজাতকদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজ হাতে তিনজন পথ নবজাতককে স্নেহময় পালক পরিবারের কোলে তুলে দেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান এই মানবিক উদ্যোগের পেছনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন।
রিপোর্টারের নাম 























