ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা প্রতিটি মঞ্চে যে সত্যগুলো প্রকাশ করেছি, তার ফলে সৃষ্ট অস্বস্তির কারণেই তুরস্কের নেতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
বিবৃতিতে নেতানিয়াহুকে বর্তমান সময়ের “অ্যাডলফ হিটলার” হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য তাকে সরাসরি দায়ী করা হয়েছে। একই সঙ্গে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তুরস্ক অভিযোগ করেছে, নেতানিয়াহু চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রাখতে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। আঙ্কারা পুনর্ব্যক্ত করেছে যে, নেতানিয়াহুর বিরুদ্ধে দায়বদ্ধতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা নিরীহ বেসামরিক জনগণের পাশে থাকবে।
এদিকে, তুরস্কের মন্ত্রিসভার সদস্যরাও নেতানিয়াহুর মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইয়িলমাজ বলেছেন, ‘সত্যের আলো অত্যাচারীদের জন্য দুঃস্বপ্ন, এবং এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য তার ‘অপরাধবোধ ও অস্বস্তির বহিঃপ্রকাশ’, যা ‘অগ্রহণযোগ্য’।
বিচারমন্ত্রী আকিন গুরলেক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা একজন ব্যক্তির এমন মন্তব্য তার ‘আইনি ও নৈতিক সংকটের গভীরতা’ প্রকাশ করে। স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি নেতানিয়াহুর অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, এটি তার হতাশা ও রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন।
রিপোর্টারের নাম 





















