আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কিংবদন্তির অভাব নেই। দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি—প্রজন্মের পর প্রজন্ম বিশ্ব ফুটবলকে মুগ্ধ করে চলেছেন দেশটির প্রতিভাবান ফুটবলাররা। সেই ধারায় এবার নতুন এক নাম নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা, তিনি নিকো পাজ। মাত্র ২২ বছর বয়সেই তার ফুটবলীয় প্রতিভা এতটাই মুগ্ধ করেছে হুয়ান সেবাস্তিয়ান ভেরনকে যে, প্রশংসা করতে গিয়ে তিনি মেসি ও ম্যারাডোনার নাম উচ্চারণ করতে দ্বিধা করেননি।
ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক তারকা ভেরন কোমোর এই আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূয়সী প্রশংসা করেন। পাজের বয়স, মাঠের প্রভাব ও ফুটবলীয় পরিপক্কতা দেখে বিস্মিত ভেরন বলেন, ‘২২ বছর বয়সে এমন পারফরম্যান্স আমি কেবল মেসি ও দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ক্ষেত্রেই দেখেছি।’
তবে পাজকে এখনই তাদের সমপর্যায়ে বসাতে নারাজ ভেরন। তার মতে, ওই দুই কিংবদন্তির উচ্চতায় পৌঁছানো যে কোনো ফুটবলারের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে পাজের মধ্যে সেই পথে এগিয়ে যাওয়ার মতো প্রতিভা ও মানসিকতা দেখতে পাচ্ছেন তিনি। ভেরনের মতে, পাজের সাফল্যের চাবিকাঠি হলো তার পেশাদারত্ব। তিনি বলেন, ‘যদি সে বর্তমানের মতো পেশাদার আচরণ ধরে রাখতে পারে, তবে ভবিষ্যৎ তারই।’
মাঠে পাজের উপস্থিতিকে অনন্য উল্লেখ করে ভেরন বলেন, ‘প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা নির্দ্বিধায় তার পায়ে বল তুলে দেন। কারণ তারা জানেন, চাপের মুখেও ড্রিবলিং করে বেরিয়ে আসার দক্ষতা তার রয়েছে। এছাড়া কখন কোথায় থাকতে হবে, কীভাবে আক্রমণ সাজাতে হবে—এসব বিষয়ে তার সহজাত দক্ষতা অসাধারণ।’
পাজের মধ্যে নিজের ছায়াও খুঁজে পেয়েছেন ভেরন। এমনকি কিছু জায়গায় এই তরুণ তাকেও ছাড়িয়ে গেছেন বলে মনে করেন তিনি। তবে অতিরিক্ত প্রত্যাশার চাপে তরুণ এই ফুটবলার যেন পথ না হারান, সে বিষয়েও সতর্ক করেছেন ভেরন। তার পরামর্শ, ‘তাকে শান্ত থাকতে দিতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে।’

























