নামের মিল থাকার কারণে ভারতে একটি হত্যা মামলায় ভুলবশত দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাভোগের পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার সন্তান বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার প্রশাসনিক অনুমোদনের পর বাদল ফরাজীকে পুলিশ পাহারায় তাঁর নিজ বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীতে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাময়িক এই মুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট নয় বাদল ফরাজীর পরিবার; তারা তাঁর স্থায়ী ও পূর্ণাঙ্গ মুক্তির জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন বাদল ফরাজী। ভারতের দিল্লির একটি হত্যাকাণ্ডের প্রকৃত আসামি ‘বাদল সিং’-এর সঙ্গে নামের মিল থাকায় এবং ভাষা জটিলতার কারণে তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর প্যারোলে হলেও স্বজনদের মাঝে তাকে ফিরে পাওয়ার আনন্দ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।


























