জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যার মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক এই রিমান্ড আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর আদালতের আদেশে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়ে সাঈদ খোকনকে ডিএমপি কার্যালয়ে মামলাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জবাব দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি কোনো সন্তোষজনক তথ্য দেননি।
তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। তার নির্দেশ ও পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এছাড়া আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবেও তার ভূমিকা ছিল বলে অভিযোগে বলা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাঈদ খোকনকে গত ১৭ নভেম্বর বারিধারার একটি বাসা থেকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা এলাকায় আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় পরবর্তীতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

























