বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের পুনরায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রিমান্ড আবেদন ও যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এই রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক ফের ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, সাঈদ খোকন জিজ্ঞাসাবাদে মূল রহস্য এড়িয়ে মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং অর্থ ও অস্ত্রের জোগানদাতা সংক্রান্ত বিষয়ে আশানুরূপ কোনো সদুত্তর দেননি।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের জন্য জোরালো আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ড চেয়ে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলায় আন্দোলনে মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে ২৬ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। চলতি বছরের ১৭ নভেম্বর বারিধারা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।

























