বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর ঘনিষ্ঠ ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) অভিযুক্ত দীপকে (২৩) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানির পর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, এর সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং নিহত তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় নিহত তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান তাঁর পূর্বপরিচিত ছোটভাই দীপ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরা রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ নিহতের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা স্বীকার করলেও পুলিশি তদন্তে এই হত্যাকাণ্ডে তাঁর সরাসরি জড়িত থাকার সপক্ষে নানা তথ্যপ্রমাণ মিলেছে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা।
উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, হত্যা করে মরদেহ গুমের অভিযোগে ৩১ অক্টোবর উত্তরখান থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। ঘটনার সত্যতা ও মূল অপরাধীদের বের করতে নৌ পুলিশ পিবিআইয়ের কাছ থেকে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পরিচালনা করছে।

























