বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে তাঁকে অবস্থান করতে দেখা গিয়েছিল।
রোববার (১ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন চার দিনের রিমান্ডের এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করার পর রাষ্ট্রপক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের পক্ষে জোর যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করে বলেন, শুধুমাত্র সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমের গাড়িতে যাওয়ার পর তাঁদের আর যোগাযোগ ছিল না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের নির্দেশ দেন।
এর আগে গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় মামলাটি দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন জানান, ঘটনার রাতে আসামির সঙ্গে তাহসিফের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও যোগাযোগের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। রহস্য উদঘাটন এবং অন্য আসামিদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

























