খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানীর পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ-২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকরী উপায় হলো তাদের খেলার মাঠে ফেরানো। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা একটি সুস্থ সমাজ বিনির্মাণে সহায় ভূমিকা রাখে। তিনি আরও বলেন, দেশের খেলাধুলার প্রসারে খেলোয়াড়দের সততা, পরিশ্রম ও নিষ্ঠাই আসল শক্তি।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা মহানগরীর মোট ১৩টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী পর্বে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

























