রাজধানী ঢাকায় ‘মুনলাইট মেলোডিজ’ কনসার্টের অভূতপূর্ব সফলতার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে একক কনসার্ট নিয়ে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মিলনায়তনে আয়োজিত হবে এ একক সংগীত সন্ধ্যা।
কনসার্টটি আয়োজন করছে ম্যাভিক্স গ্লোবাল। আয়োজকেরা জানিয়েছেন, বাপ্পা মজুমদারের কালজয়ী ও জনপ্রিয় গানগুলো নিয়ে সাজানো হবে এই মিউজিক্যাল নাইট। ইতিমধ্যে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। কনসার্টে দুই ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে—মুনলাইট জোন ৩ হাজার টাকা এবং মিডনাইট জোন ২ হাজার টাকা।
এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কেআইবি মিলনায়তনে হাউজফুল শ্রোতাদের প্রায় পৌনে চার ঘণ্টা মুগ্ধ করে রেখেছিলেন বাপ্পা মজুমদার। এবার চট্টগ্রামের শ্রোতাদেরও সেই একই আবেগে ভাসাতে প্রস্তুত হচ্ছেন এই গুণী সংগীতশিল্পী।
























