ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের দ্বন্দ্বের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিরোধ নিষ্পত্তি হলেও পুলিশ চলে যাওয়ার পরপরই ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোহাগপুর গ্রামের দুই তরুণের মধ্যে টিকটকে কমেন্ট করা নিয়ে শুক্রবার হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে গ্রামজুড়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে আশুগঞ্জ বাজারের জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তবে সালিশ বৈঠক শেষে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্থান ত্যাগ করতেই উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটক কেন্দ্রিক বিরোধ নিয়ে একটি মারামারির ঘটনা সালিশে সমাধান করা হয়েছিল। কিন্তু বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দু’পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
























