অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সফরে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। দুবাই ও লন্ডন হয়ে রোববার (১ নভেম্বর) তাঁর সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।
আগামী ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশ নেবেন হুমায়ুন কবির। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, কমনওয়েলথ বৈঠকে যোগদানের সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এ সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।
























