চট্টগ্রামে ডেঙ্গু ও হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রাণহানির ঘটনাও। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশু রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে সীতাকুণ্ড উপজেলার আড়াই বছর বয়সী এক শিশু রয়েছে। বাকি দুজন নারী, যাদের একজনের বয়স ৪২ এবং অন্যজনের ৫১ বছর। তাঁরা সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর চট্টগ্রাম জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জনে।
অন্যদিকে হামের পরিস্থিতিও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার মাস ও সাড়ে পাঁচ বছর বয়সী দুই শিশু মারা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

























