রাজনৈতিক চাপ বা প্রভাবশালী মহলের প্রভাবে দেশে কোনো মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান রক্ষা এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার আপসহীন অবস্থানে রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুহিত বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নতুন বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়নি। এ কারণে প্রভাবশালী মহলের পক্ষ থেকে নানা চাপ আসলেও মান ও শর্ত পূরণ না করে কাউকে অনুমতি দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ আর রোগী না দেখে চিকিৎসক হওয়ার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না।
দেশে চিকিৎসা শিক্ষার ভৌগোলিক বৈষম্য তুলে ধরে তিনি বলেন, প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজই ঢাকা বিভাগে অবস্থিত। বাকি সাতটি বিভাগে এই ভারসাম্যহীনতা দূর করতে হবে। রাজনৈতিক জনপ্রিয়তার জন্য যত্রতত্র মেডিকেল কলেজ করার প্রবণতা পরিহার করে পরিকল্পিত স্বাস্থ্য কাঠামো গড়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক মানদণ্ড প্রসঙ্গে ডা. মুহিত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী অ্যাক্রিডিটেশন অর্জন করতে না পারলে আমাদের চিকিৎসকদের বৈশ্বিক কর্মক্ষেত্র সংকুচিত হবে। তাই পেশাগত মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখা বাধ্যতামূলক। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা চিকিৎসকদের বড় একটি অংশই রেজিস্ট্রেশন পরীক্ষায় অকৃতকার্য হচ্ছেন। তাই সন্তানদের বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মান যাচাই করা জরুরি।


























