ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯টি ওয়ার্ডকে এডিস মশার লার্ভার ঘনত্বের ওপর ভিত্তি করে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ২৮টি ওয়ার্ডকে মাঝারি এবং ১৮টি ওয়ার্ডকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করেছে সংস্থাটি।
বুধবার (৪ নভেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ২ হাজার ২৫০টি বাড়িতে এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, ১, ২, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ১৯৬৫ ও ৭১ নম্বর ওয়ার্ডগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আধুনিক কোবো টুলবক্স প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, চিহ্নিত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জোরদার করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি নাগরিকদের প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।


























