অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর ধরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত থাকাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন। একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি।
পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শক্রমে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং রাষ্ট্রপতি তা অনুমোদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

























