রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়ো গেছে। এ ঘটনায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক এবং একজন ভ্রাম্যমাণ চা-পান বিক্রেতা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গণপিটুনিতে আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেল দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে ধাওয়া দিয়ে ও পরে আরও ৩ জনসহ মোট ৫ জনকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্বৃত্তরা ৫টি ককটেল নিক্ষেপ করলেও ১টি বিস্ফোরিত হয়নি।
এ ঘটনার প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনায় ঢামেকে নেওয়া যুবকের নাম মো. মাসুদুর রহমান (২৮)। ঘটনাস্থল থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ তাকে উদ্ধার করে রাত পৌনে ১২ টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, মাসুদুর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কাজশা গ্রামে। বর্তমানে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় থাকেন।
রিপোর্টারের নাম 

























