দারিদ্র্য দূরীকরণের আশায় প্রবাসে পাড়ি জমানো এক তরুণের জীবন সন্ত্রাসীদের বুলেটে নিভে গেল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় এক দোকানে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোহান (২১)।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সোহান যখন দোকানের মালিকের সঙ্গে কাজ করছিলেন, তখন বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যে দোকানে সোহান কাজ করতেন, সেই বাংলাদেশি মালিকের সঙ্গে পার্শ্ববর্তী এক সোমালি নাগরিকের দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং এই বিরোধের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
নিহত সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখেছিলেন তার বাবা। এই দুঃসংবাদ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এবং তার মা বাকরুদ্ধ হয়ে পড়েন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহে পাঠানো হয়েছে এবং নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























