ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদেরকে হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি সরকারের আইন অনুযায়ী, হজযাত্রীর লাগেজে নেশা জাতীয় ঔষধ, তামাক পাতা, জদ্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্যাদি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বেশ কিছু বাংলাদেশি হজযাত্রীর লাগেজে সৌদি বিমানবন্দরে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সেদেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ধরনের কাজে জড়িত হজযাত্রীর হজ পালন ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং হজ করার সুযোগও হারাতে পারেন। তাই কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না। উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন এবং ১৮ এপ্রিল থেকে সৌদি গমন শুরু হবে।
রিপোর্টারের নাম 

























