ফেনীর সোনাগাজীতে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং সেনেরখিল গ্রামের বাসিন্দা। গত বুধবার দিবাগত রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহের অযুহাতে ওই গৃহবধূর মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন সেন্টু। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করতেন। অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে সেন্টু জোরপূর্বক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এসময় গৃহবধূর স্বামী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসেন। একপর্যায়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
এদিকে এই ঘটনার পর সামাজিক চাপের মুখে ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর থেকে মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত সেন্টুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জেলা কৃষকদল জানিয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























