সামাজিক যোগাযোগমাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের বহিষ্কৃত সদস্য মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা এবং এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ইনভেস্টর গ্রুপের মাধ্যমে ভুক্তভোগী শাকিরুল ইসলাম হিমেলের সঙ্গে মাহির পরিচয় হয়। নিজেকে একটি ক্যাটারিং ব্যবসার অংশীদার দাবি করে মাহি তাকে বিনিয়োগে প্রলুব্ধ করেন। তার কথায় বিশ্বাস করে হিমেল বিভিন্ন সময়ে ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা প্রদান করলেও পরে কোনো লভ্যাংশ বা মূল টাকা ফেরত পাননি। এ ঘটনায় গত ৫ এপ্রিল কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়।
রিপোর্টারের নাম 






















