গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ কার্যকর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন।
জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘আমরা দেখছি ২০টি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা মনে করি, বর্তমান সরকার কোনো বিশেষ মহলের ইশারায় এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব স্বকীয়তা থাকা উচিত, যাতে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। যাদের সবুজ সংকেতে এই অধ্যাদেশ স্থগিত করা হয়েছে, তারাই শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়েছিল। সরকারের বৈধতা থাকলে ৭০ শতাংশ জনগণের দেওয়া ম্যান্ডেটও মানতে হবে।’
জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, বিএনপি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারা সেই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংসদে নীরবতা জনগণের রায়ের প্রতি অবহেলারই প্রমাণ। সরকার নিজেদের ঘোষিত প্রতিশ্রুতি ও সংস্কার এজেন্ডা থেকেও পিছিয়ে যাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। তাই অবিলম্বে জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 




















