নারী শিক্ষার প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজে এবার পরিবেশ সুরক্ষায় নতুন নেতৃত্ব আসছে। জ্ঞানার্জনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাওয়া পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ তাদের ইডেন শাখা ঘোষণা করেছে। এই নবগঠিত শাখার মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলন আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের তত্ত্বাবধানে ইডেন মহিলা কলেজের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের জন্য নুসরাত ইমরোজ তিষা সভাপতি, প্রজ্ঞা মোস্তফা প্রীতি সাধারণ সম্পাদক এবং সুমাইয়া সামশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কমিটি পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নব নির্বাচিত সভাপতি নুসরাত ইমরোজ তিষা জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার কাজে সবাইকে যুক্ত করা। এছাড়াও, নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক ব্যবহার কমানোর সচেতনতা তৈরি এবং পরিবেশ বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সাধারণ সম্পাদক প্রজ্ঞা মোস্তফা প্রীতি বলেন, ‘গ্রীন ভয়েস সবসময় পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সফল কর্মসূচি পরিচালনা করে আসছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গঠনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে, নারীদের পরিবেশ-বিষয়ক নেতৃত্বে এগিয়ে আনতে আমরা সচেষ্ট থাকব।’
রিপোর্টারের নাম 
























