বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়লেও ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বুধবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই নির্বাচনে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো কেন্দ্রেই ১০ শতাংশ ভোটার উপস্থিতি হয়নি।
বগুড়া করনেশন স্কুল ও কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র ১০৭টি ভোট পড়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৬০ জন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান জানান, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি কম। তবে তিনি আশা করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে।
সকাল সাড়ে ১১টায় মালতিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন যে, সকাল ১০টায় নির্বাচনী এজেন্টের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষে এই ফরম পূরণ করার কথা থাকলেও তা আগেই সম্পন্ন করার চেষ্টা করা হয়। তিনি আরও অভিযোগ করেন যে, রাজাপুর কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দিয়ে বিএনপি ভোটকেন্দ্র দখল করেছে এবং এসব কর্মকাণ্ডে সরাসরি রিটার্নিং অফিসারের হাত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন, যার মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। আসনটিতে মোট ১৫০টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে উপনির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন: বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা), এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি)।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে মোট প্রদত্ত ৩ লাখ ২২ হাজার ২২৩ ভোটের মধ্যে তারেক রহমান পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট এবং জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























